প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 3, 2025 ইং
কামরাঙ্গীরচরে কর্মচারী রকি হত্যা: র্যাব–১০ ও পুলিশের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

রাজধানীর কামরাঙ্গীরচরে মুদিদোকানের কর্মচারী শাহদাত ইসলাম রকি (২৫) হত্যার চাঞ্চল্যকর মামলায় ডাকাতি-দস্যুতাসহ একাধিক মামলার একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী ও চাঁদাবাজ চক্রকে গ্রেফতারে বাহিনীটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নৃশংস হত্যাকাণ্ড ও স্পর্শকাতর ঘটনায় দ্রুত অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনাই বাহিনীর অঙ্গীকার।
ঘটনা
গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে কামরাঙ্গীরচর থানার পূর্ব ইসলামনগর এলাকায় একটি পরিকল্পিত সশস্ত্র হামলায় রকি নিহত হন। আগের দিন ০১ ডিসেম্বর বিকেল ৪টায় কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি।
পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন—রাতের দিকে একদল দুর্বৃত্ত রকিকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে দুই উরুতে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা রকিকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, রকি মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় গ্রুপিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের সোর্স পরিচয়ে প্রতিপক্ষকে ভয় দেখানোকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মামলা ও তদন্ত
ঘটনার পর নিহতের বাবার অভিযোগে কামরাঙ্গীরচর থানায় মামলা (নং-০৪, তারিখ ০২/১২/২০২৫; ধারা ৩২৪/৩০২/৩৪) রুজু করা হয়। পলাতক আসামিদের গ্রেফতারে তদন্ত কর্মকর্তা র্যাব-১০ এর কাছে সহযোগিতা চান।
যৌথ অভিযান ও গ্রেফতার
র্যাব-১০ এর সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে এবং থানার পুলিশের সহযোগিতায় ০৩ ডিসেম্বর রাত ১২টা ৩০ মিনিটে শরীয়তপুরের নড়িয়া থানার চামটা এলাকায় অভিযান চালায়। সেখানে হত্যার সাথে সম্পৃক্ত সন্দেহভাজন আসামি মো. আরমান (২২)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরমানের বিরুদ্ধে ডাকাতি-দস্যুতাসহ মোট চারটি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল